যশোরের কেশবপুরে এক রাতে ৩ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের নিরব ভূমিকায় এলাকাবাসীর মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, সোমবার (০৫ অক্টোবর-২৬) সন্ধ্যায় মুখোশ পরা ব্যক্তি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নতুনহাট মাদারডাঙ্গা গ্রামের মৃত মুহিত ব্যানার্জির বিধবা স্ত্রী আরতি রাণীর (৭০) ঘরে ঢুকে তাকে ভয় দেখিয়ে গলায় থাকা দশ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ছয় আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা।
একইদিন গভীর রাতে একদল দুষ্কৃতকারী উপজেলার সাতবাড়িয়া এলাকার হাজী মতিয়ার রহমানের বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে চেতনানাশক জাতীয় পদার্থ প্রয়োগ করে পরিবারের সদস্যদের অচেতন করে গচ্ছিত নগদ টাকা, স্বর্ণালংকার ও দামি আসবাবপত্র লোড করে নিয়ে যায়।
অন্যদিকে একই রাতে সঙ্ঘবদ্ধ চোরেরা উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বুলবুলের বাড়ি থেকে একটি মোটর চুরি করে নিয়ে যায়।
উপজেলাব্যাপি চোরের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত প্রশাসনের তেমন কোন ভূমিকা লক্ষ্য করা যায়নি। ফলে, সাধারণ মানুষ তাদের জান মাল নিয়ে চরম নিরাপত্তা হীনতায় দিনাতিপাত করছেন









