"লেনদেনে হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ ও ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে যশোরের কেশবপুরে Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর-২৬) কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ইসমাতআরা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের সঞ্চালনা করেন, সোনালী ব্যাংক পিএলসির কেশবপুর শাখার ম্যানেজার গোলক বসু। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক পিএলসির সার্বিক ব্যবস্থাপনায় কেশবপুর উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক, খুলনার সহকারী পরিচালক মোঃ নাফিউল করিম। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান। এছাড়া কেশবপুর উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের কেশবপুর শাখার ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, অগ্রণী ব্যাংকের ম্যানেজার বি এম মাহবুবুল হক, কৃষি ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল বারীসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা Bangla QR-এর বিভিন্ন সুবিধা ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন।
বক্তারা বলেন, Bangla QR ব্যবহারের মাধ্যমে নগদ টাকা বহনের ঝুঁকি ও খুচরা টাকার ভোগান্তি কমানোর পাশাপাশি লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করা সম্ভব। চুরি, ছিনতাই ও জাল নোটের ঝুঁকি কমাতেও ডিজিটাল লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইসলামী ব্যাংকের কেশবপুর শাখার ম্যানেজার মোঃ আলমগীর হোসেন জানান, গত এক মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে কেশবপুরে ১ হাজার ৪৩৪ জন গ্রাহক Bangla QR ব্যবহার করে লেনদেন করেছেন। এ সময়ে লেনদেনের পরিমাণ ২ কোটি ১০ লাখ টাকার বেশি।
কৃষি ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান বলেন, Bangla QR একটি নতুন ও সমন্বিত লেনদেন ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা একটি অভিন্ন QR ব্যবস্থার সুবিধা পাবেন। তিনি সবাইকে Bangla QR ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথি মোঃ নাফিউল করিম Bangla QR-এর বিভিন্ন সুবিধা তুলে ধরে বলেন, নগদ টাকা বহনের ক্ষেত্রে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি জাল নোটের আশঙ্কাও থাকে। মোবাইল ফোনকে একটি ইলেকট্রনিক মানিব্যাগ হিসেবে ব্যবহার করে সহজেই বিভিন্ন ধরনের লেনদেন করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতে Bangla QR-এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে Bangla QR ব্যবহারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কেশবপুরের প্রধান সড়কে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এতে সোনালী ব্যাংকসহ উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।









